প্রধান খবর

সিডনিতে ‘গ্রেটার নোয়াখালী ফেস্টিভ্যাল ২০২৬’: প্রবাসে এক টুকরো বাংলাদেশ

বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘গ্রেটার নোয়াখালী ফেস্টিভ্যাল ২০২৬’। রোববার (৫ এপ্রিল) সিডনির একটি স্থানীয় ভেন্যুতে প্রবাসী নোয়াখালীবাসীদের এই মিলনমেলা এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। সহস্রাধিক দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মেসবাহ উদ্দিন খান। এ সময় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপনা করেন সাংবাদিক ও গবেষক রাশেদ শ্রাবণ, যিনি নোয়াখালীর প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির নানা অজানা দিক দর্শকদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন আহসানুল শামল।

দিনব্যাপী এই আয়োজনে ছিল গান, নৃত্য এবং নোয়াখালীর নিজস্ব ঐতিহ্যের মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী। আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশন করা হয় নোয়াখালীর ঐতিহ্যবাহী সব খাবার-যার মধ্যে ছিল গরু ও খাসির মাংস, পোলাও, রোস্ট, ছানা ডাল ও পায়েস। বিশেষ আকর্ষণ হিসেবে শিশুদের জন্য ছিল ফেস পেইন্টিং ও স্যান্ডউইচের বিশেষ কর্নার।

উৎসবের এক পর্যায়ে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্পন্সর ও দাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন কাউন্সিলর আশিক রহমান ও কাউন্সিলর এলিজা রহমান। সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে ছিল-Australian Career Planner, Star Line Specialized Hospital, Solar Plant, South Sydney College এবং রবি ইসলাম (Land & Lease, Lakemba)।

আয়োজনটি সফল করতে নিরলস পরিশ্রম করেন সওপন, শামীম, বাবু, তোফাজ্জল, মামুন, মোতালেব এবং রবিন ভৌমিকসহ একঝাঁক স্বেচ্ছাসেবী। অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় নোয়াখালীর কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে। আয়োজকরা জানান, এ ধরনের উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তাদের শেকড় ও নিজ দেশের সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিডনির এই আয়োজন প্রমাণ করেছে যে, ভৌগোলিক দূরত্ব থাকলেও প্রবাসীদের হৃদয়ে নোয়াখালীর সংস্কৃতি আজও অমলিন ও শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *