ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয়েছে, মার্কিন বিমানবাহিনীর নিখোঁজ পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করতে পারলে যে কেউ ৬০ হাজার ডলার পুরস্কার পাবে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গতকাল ইরানি সেনারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই বিমানে দুজন ক্রু ছিলেন, যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার করা সম্ভব হয়। আরেকজনের খোঁজে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অভিযান চালাচ্ছে। একই সময়ে ইরানি মিলিশিয়ারা পাল্টা অভিযান চালিয়ে ওই পাইলটকে ধরার চেষ্টা করছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে এফ-১৫ ছাড়াও যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে বিমানটি। কাছ থেকে হামলা চালানোর জন্য পরিচিত এই মডেলের বিমান ধ্বংস হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে হেলিকপ্টারের লেজে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে থাকে। তবে পাইলটরা দক্ষতার সঙ্গে সেটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
হরমুজ প্রণালির মতো কৌশলগত এলাকায় এমন ধারাবাহিক সংঘর্ষ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

