সংবাদপত্র শিল্পের বিদ্যমান আর্থিক সংকট মোকাবিলায় কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেওয়াসহ একাধিক কর-সুবিধার দাবি জানিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাবও তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির নেতারা এসব দাবি উপস্থাপন করেন। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। নোয়াবের পক্ষে প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরী।
নোয়াবের প্রস্তাবে বলা হয়, বর্তমানে সংবাদপত্র শিল্প উচ্চ কর ও আমদানি ব্যয়ের চাপে টিকে থাকার লড়াই করছে। নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়করসহ বিভিন্ন করের কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এ খাতের জন্য শুল্ক ও কর অব্যাহতি দেওয়া জরুরি বলে মনে করছে সংগঠনটি।
কর্মীদের আয়কর প্রসঙ্গে নোয়াব দাবি জানায়, আয়কর আইন অনুযায়ী ব্যক্তিগত আয়ের কর নিজ নিজ কর্মীর বহন করার কথা থাকলেও ওয়েজ বোর্ড কাঠামোর কারণে সংবাদপত্র প্রতিষ্ঠানের ওপর এ দায় বর্তায়, যা নীতিগতভাবে বৈষম্যমূলক। এ অবস্থার পরিবর্তন চেয়ে প্রতিষ্ঠানকে এ দায় থেকে অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর প্রদান ব্যক্তিগত দায়িত্ব হওয়াই যুক্তিযুক্ত এবং ভবিষ্যতে ওয়েজ বোর্ডে এ বিষয়টি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও ইঙ্গিত দেন, কর কাঠামোতে পরিবর্তন এলে বেতন কাঠামোতেও প্রভাব পড়তে পারে।
এছাড়া কর্পোরেট কর হার কমানোর বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও রাজস্ব আহরণের লক্ষ্যের কারণে তা বাস্তবায়ন কঠিন হতে পারে বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তবে ভ্যাট সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনায় নেওয়ার আশ্বাসও দেন তিনি।

