প্রধান খবর

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩২ শতাংশই এখন খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।

একই সময়ে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। জুন শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। এক প্রান্তিকে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে তা ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা।

পরিসংখ্যানে দেখা যায়, শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। এ ধরনের ঋণের পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা ঋণের পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।

খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে প্রয়োজনীয় প্রভিশন ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকার বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ। ঋণ আদায়ের পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *