প্রধান খবর

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় নামকরণের এই কার্যক্রম সম্পন্ন হয়।

বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতারা।

নতুন নামকরণ করা সড়কটি শিকাগোর ঐতিহাসিক ও বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত। একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলাবিশিষ্ট এই ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। দীর্ঘ সময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার পাশেই বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামফলক স্থাপন করা হলো।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং জাতীয় রাজনীতিতে তার অবদান বিবেচনায় নিয়েই সড়কটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে বিজয়ী হওয়ার বিরল কৃতিত্বের বিষয়টিও সিটি কাউন্সিলের প্রস্তাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, যার নাম রাখা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

                                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *