হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর নৌমাইনের আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। গত রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, আগেই সতর্ক করা সত্ত্বেও ট্যাংকার দুটি নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে।
ইরানের নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার দুপুরের আগে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবৃতিতে দাবি করা হয়, জাহাজ দুটি নিজেদের পরিচয় শনাক্তকরণ ও নৌচলাচল-সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় চলাচল করছিল। সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ এবং নৌচলাচল-সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রাখার কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় সংশ্লিষ্ট জাহাজের মালিক, পরিচালনাকারী ও নাবিকদেরই নিতে হবে বলে স্পষ্ট করেছে তেহরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইরান। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ইরানের নতুন কার্যকর করা হরমুজ ব্যবস্থাপনা অনুযায়ী, এই জলপথ দিয়ে নিরাপদে চলাচল করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
অন্যদিকে, বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর পাহারা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার আশ্বাস দিয়ে আসছে। তবে ইরানের নৌবাহিনীর পাল্টা দাবি, ওয়াশিংটনের নিরাপত্তার আশ্বাসে আস্থা রাখা জাহাজগুলোকে বারবার থামানো হচ্ছে, নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিংবা ধ্বংস করা হচ্ছে।

