সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।’
গত রবিবার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি। পরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে যাচাই এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেই এই সফর বলে জানান তিনি। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’ সীমান্তসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বা সন্দেহজনক তথ্য জানা থাকলে তা দ্রুত বিজিবিকে অবহিত করে বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান মহাপরিচালক।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্তার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান এবং ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ বাহিনীর ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

