দক্ষিণ ভারতের বিয়ের এক চিরাচরিত প্রথা নিয়ে অভিনেত্রী রাধিকা আপ্তের মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্কে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন দক্ষিণী তারকা কীর্তি সুরেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকার বক্তব্যের সময় হেসে সম্মতি জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি।
দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে মামার সঙ্গে ভাগনির বিয়ের প্রচলিত রেওয়াজ রয়েছে। বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এই সামাজিক প্রথাকে ‘মামান কল্যাণম’ বলা হয় এবং এমন বিয়েতে পাত্রকে ‘মুরাই মামান’ নামে ডাকা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরে রাধিকা আপ্তে জানান, একটি তেলুগু সিনেমায় তাঁকে পর্দায় নিজের মামার চরিত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। বিষয়টি তাঁর একদমই ভালো লাগেনি এবং বেশ অস্বস্তি নিয়েই কাজটি সামলেছিলেন বলে উল্লেখ করেন তিনি। ওই সিনেমায় রাধিকার মামার ভূমিকায় অভিনয় করেছিলেন তেলুগু তারকা নন্দমুরি বালকৃষ্ণ।
রাধিকার সেই মন্তব্যের সময় পাশেই উপস্থিত ছিলেন কীর্তি সুরেশ। রাধিকার কথা শুনে হেসে কীর্তি জানিয়েছিলেন, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে। এরপরই কীর্তির এই মন্তব্য নিয়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’-এর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। রাধিকার মন্তব্যের কেন জোরালো প্রতিবাদ করেননি, তা জানতে চাওয়া হয় তাঁর কাছে।
এ প্রসঙ্গে কীর্তি জানান, শুরুতে তিনি রাধিকার কথার মর্মার্থ ঠিকমতো বুঝতেই পারেননি। কীর্তির ভাষ্যমতে, রাধিকা যখন পর্দায় মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ের অস্বস্তির কথা বলছিলেন, তখন তিনি বিষয়টি ধরতে পারেননি। পরে তিনি বুঝতে পারেন যে রাধিকা মূলত দক্ষিণ ভারতের একটি আঞ্চলিক সংস্কৃতির কথা বলছেন, যা সম্পর্কে রাধিকার স্পষ্ট ধারণা নেই। তাই তিনি কেবল তথ্য হিসেবে জানিয়েছিলেন যে দক্ষিণ ভারতের কিছু এলাকায় এমন রীতি প্রচলিত রয়েছে।
কীর্তি আরও স্পষ্ট করেন, এই প্রথা কেবল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে দেখা যায়, তবে কেরালায় এর কোনো প্রচলন নেই। তিনি বলেন, উত্তর ভারতের কেউ যদি দক্ষিণী সংস্কৃতি সম্পর্কে না জানেন, তবে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলা যায়, কিন্তু জোর করে কোনো কিছু প্রমাণ করা বা কথা বলতে বারণ করা যায় না। কর্ণাটকে এই রীতি আছে কি না, তা তাঁর জানা নেই উল্লেখ করে কীর্তি জানান, তিনি বিষয়টিকে নিছক একটি আঞ্চলিক তথ্য হিসেবেই উপস্থাপন করেছিলেন।

