প্রধান খবর

৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে কুমিল্লায় আটক ২৮৮

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুরো জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক করা ২৮৮ জনের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে ২০৭ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে, বাকি ৮১ জনের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও নাশকতাসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই সাঁড়াশি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *