আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিনি জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলা ও অনাড়ম্বর পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমান ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল ও রুশোর মতো দার্শনিকদের রাষ্ট্রচিন্তা অধ্যয়ন এবং আশির দশকে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের উত্তাল পরিবেশ তাঁকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচারণা সফলভাবে সমন্বয় করে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। তবে রাজনৈতিক জীবনে তাঁকে নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একাধিক মামলা এবং পরবর্তী প্রায় ১৬ বছরের রাজনৈতিক অস্থিরতায় তাঁকে দীর্ঘ নির্বাসিত জীবন কাটাতে হয়। নির্বাসনে থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।
দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হওয়ার পাশাপাশি তাঁর দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রশাসন ও অর্থনীতিতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সরকারি বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সীমিত গাড়িবহর ব্যবহার এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা নীতি অনুসরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরকারের দূরত্ব কমিয়ে আনার বার্তা দিয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে ৩২ দশমিক ৭৮ শতাংশে নামিয়ে আনা এবং পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধের তথ্য সামনে এসেছে। এ ছাড়া তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ও টাকার মান শক্তিশালী হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’, ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ, স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা বাবদ ২ হাজার কোটি টাকা ছাড়ের মতো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদীয় গণতন্ত্র সচল করতে প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উৎসবগুলোতে বাড়তি নিরাপত্তা ও ছুটির ব্যবস্থা প্রশংসিত হয়েছে। বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ বা মেধাভিত্তিক ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশের সমৃদ্ধি নির্ধারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

