সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
নিহতের ছোট ভাই রেজাউলের অভিযোগ, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন আশরাফ। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ৩০ জন সেখানে এসে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
রেজাউল স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

