প্রধান খবর

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, পাবেন শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও

প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পত্তি বন্ধক বা জামানত লাগবে না। প্রয়োজন হবে সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি।

গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে। সার্কুলার জারির দিন থেকে আগামী পাঁচ বছর এ তহবিল কার্যকর থাকবে।

জেলে, কামার, কুমার, দর্জি, রিকশা ও ভ্যানচালক, হকার, রাজমিস্ত্রি, প্লাম্বারসহ বিভিন্ন পেশাজীবী এবং মুদি দোকানদার, চা-পান বিক্রেতা, ফল ও সবজি বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ঋণের যোগ্য। কৃষক, মৎস্যচাষি, গবাদিপশু পালনকারী, ফ্রিল্যান্সার, হস্তশিল্পী ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিশেষ অগ্রাধিকার পাবেন ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীরা। কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার খরচ এবং শিক্ষা উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগ থাকবে। প্রবাসী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও এ সুবিধার আওতায় আসবেন।

দলগতভাবে ২ থেকে ৫ জন মিলে ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেকে সর্বোচ্চ ৮ লাখ এবং পুরো দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ মেয়াদ হবে পাঁচ বছর। ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না। আবেদনকারীর ব্যাংকে ১০, ৫০ অথবা ১০০ টাকার হিসাব থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *