প্রধান খবর

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত

অসদাচরণ ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই অভিযোগে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুরের এএসপি মো. সরওয়ার কবির সোহাগ, মুক্তাগাছায় দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. আরিফুজ্জামান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এএসপি মো. ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় তদন্তে সাত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কাজে যোগ দেওয়ার সরকারি নির্দেশনা অমান্য করায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি কাজে যোগ দেননি এবং অনুপস্থিতির বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাও দেননি। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *