প্রধান খবর

খুলনার রূপসায় প্রকাশ্যে বিএনপি নেতা মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকার হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পেশায় তিনি একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই যুবক ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করে এবং খুব কাছ থেকে জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পরপরই হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পুনরায় ফকিরহাটের দিকে পালিয়ে যায়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র। তিনি আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *