তুরস্কে তিন দিনের সরকারি সফর ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে পৌঁছালে সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে, গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের পর্যটন শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি সেখানে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও দাবিদাওয়া তিনি আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে তুলে ধরেন।
সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ ছাড়া তিনি সম্মেলনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
কূটনৈতিক ও সরকারি সূত্রমতে, প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, বৈশ্বিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর এই সফল সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

