সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের চূড়ান্ত দ্বিপক্ষীয় চুক্তি আজ সোমবার (৯ নভেম্বর) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের ব্যবস্থাপনা ও হজ কার্যক্রম পরিচালনায় দুই দেশের আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।
এদিকে ৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জন করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর আগে ২০২৬ সালের জন্য বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

