ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তে গিয়ে বিতর্কিত ও চরম মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, সীমান্তের অপর পারে বাংলাদেশিরা ‘ওৎ পেতে বসে আছে’ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো কারণে অসতর্ক হলেই তারা ভারতে ঢুকে পড়ার চেষ্টা করতে পারে।
ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে নামেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়কপথে বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরবর্তীতে বিএসএফের স্পিডবোটে চড়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী পরিদর্শন করেন। হিঙ্গলগঞ্জের ঠিক অপর পাশেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা অবস্থিত।
ইছামতি নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তিনি দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছেন। আপাতদৃষ্টিতে সীমান্ত শান্ত মনে হলেও বিএসএফের নজর এড়ানোর সুযোগ পেলেই বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করে তিনি জানান, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না এবং রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হবে। বিএসএফ ও পুলিশ যৌথভাবে ইতিমধ্যে লাখ লাখ অনুপ্রবেশকারীকে বের করে দিয়েছে দাবি করে তিনি আরও জানান, সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
তাছাড়া, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য অবদানের’ স্বীকৃতি দিতে বিএসএফ, এসএসবি এবং স্থানীয় পুলিশ সদস্যদের জন্য আগামী বছর থেকে ‘সীমামিত্র সম্মান’ নামের একটি নতুন সম্মাননা চালু করার বিষয়েও কথা বলেন তিনি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত পরিবেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

