ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। প্রয়োজনে সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এ অধিবেশনে একটি সরকারি বিল উত্থাপনের জন্য পাওয়া গেছে। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। এগুলো হলো সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশ।
অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ মন্ত্রীদের কাছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

