ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। তার আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগের প্রথম কোনো স্পষ্ট উদ্যোগ।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এই নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে তার দেশে ফেরার প্রক্রিয়ার সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করতে এবং বিচার প্রক্রিয়ায় অংশ নিতে দ্রুত দেশে ফিরতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তার দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
প্রাপ্ত চিঠির তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক খ্যাতনামা আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদনপত্রটি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বিধায় একজন বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনাকে নতুন নথি ইস্যু করা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রতি বাংলাদেশের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী পদক্ষেপের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে, রয়টার্স তাদের প্রতিবেদনে বিশ্লেষণ করে জানিয়েছে, দীর্ঘ ২০ বছর দেশ শাসন করা শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনীতিক টানাপোড়েন নিরসনে ভূমিকা রাখতে পারে। তবে তার এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আইনি ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

