প্রধান খবর

জাপানে যাওয়া হলো না নিঝুমের : সড়ক দুর্ঘটনায় নিহত

উচ্চশিক্ষার উদ্দেশ্যে আগামী ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার স্বপ্ন ছিল তরুণ ইউনুস রাশিদ নিঝুমের (২২)। প্রস্তুতি হিসেবে নিয়মিত শিখছিলেন জাপানি ভাষাও। কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় কাঙ্ক্ষিত সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই শিক্ষার্থী। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বন্ধু ফারহান (১৯) মারাত্মকভাবে আহত হয়েছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে সম্মান (অনার্স) শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে দুই বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে মদনগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র বেগে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে গাড়িটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের আসনে থাকা নিঝুম। তাঁর সঙ্গে থাকা বন্ধু ফারহান গুরুতর আহত হন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া আহত ফারহানকে জরুরি চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *