বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতায়াতের প্রথম তিন দিনে পদ্মা ও যমুনা সেতু মিলিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালে একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। চলতি বছর প্রথম তিন দিনে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা গত বছরের ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকার তুলনায় বেশি।
যমুনা সেতুতেও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনে সেতুটি দিয়ে পার হয়েছে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন। ২০২৫ সালে এক দিনে সর্বোচ্চ পারাপারের সংখ্যা ছিল ৪৮ হাজার ৩৬৮টি। একই দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা গত বছরের সর্বোচ্চ ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকার চেয়েও বেশি।
ঈদযাত্রার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেতুগুলোতে যানবাহনের সংখ্যা ও টোল আদায় উভয়ই নতুন উচ্চতায় পৌঁছেছে যা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর বাড়তি নির্ভরতা এবং সেতুগুলোর অর্থনৈতিক গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলছে।

