সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার প্রায় অর্ধশত গ্রামে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সকাল সাড়ে আটটায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সেখানে নামাজে অংশ নেন। শুধু এই গ্রামই নয়, বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, গৌরীচন্না, পাথরঘাটা উপজেলার হাতেমপুর, বেতাগীর লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ, বামনার ছোনবুনিয়া, আমতলীর গোজখালী এবং তালতলীর নিদ্রা এলাকার কয়েকটি গ্রামেও আজ ঈদ উদযাপন করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বহু বছর ধরেই এসব গ্রামের মানুষ সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তাদের বিশ্বাস, ধর্মীয় রীতি-নীতি ও নিয়ম-কানুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করাই উত্তম। সেই ধারাবাহিকতায় এবারও তারা জাতীয়ভাবে ঘোষিত সময়ের একদিন আগেই ঈদ উদযাপন করেছেন।
ঈদের নামাজ শেষে এসব গ্রামের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসায় গ্রামবাসীর কাছে এটি এখন স্বাভাবিক ও গ্রহণযোগ্য একটি ধর্মীয় অনুশীলন।

