প্রধান খবর

নিউজিল্যান্ডে প্রবাসীদের ‘সম্প্রীতি’র দুর্গোৎসব

দূর পরবাসেও শেকড়ের টান আর নিজস্ব সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সম্প্রীতি’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। অকল্যান্ডের ফ্রি ম্যানস বে কমিউনিটি হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই ধর্মীয় ও সামাজিক উৎসবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন ধর্ম ও বর্ণ-সংস্কৃতির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এবারের দুর্গোৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘শেকড়’। বাংলার আদিবাসী ও লোকজ সংস্কৃতির হাজার বছরের গৌরবময় ঐতিহ্যকে মাথায় রেখে সাজানো হয়েছিল পুরো আয়োজনস্থল। ভিনদেশের মাটিতে বাঙালির শেকড়, স্বকীয়তা ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তুলতে ফ্রি ম্যানস বে কমিউনিটি হলটিকে বিশেষ নান্দনিক ছোঁয়ায় রূপ দেওয়া হয়।

তিন দিনব্যাপী এই উৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আচার-অনুষ্ঠান, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি প্রবাসীদের জন্য ভোজ ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। হলের ভেতর ঢাকের বাদ্য, আরতি ও উলুধ্বনির আবহে আবহমান বাংলার আমেজ বিরাজ করছিল। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নানা রকম দেশীয় পণ্যের স্টল প্রবাসীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত বিশেষ সভা। এতে নিউজিল্যান্ডের স্থানীয় সংসদ সদস্য কার্লোস চিউং ও হেলেন হোয়াইট সহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা অংশ নেন। বক্তারা এমন একটি বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় আয়োজনের জন্য ‘সম্প্রীতি’ সংগঠনকে ধন্যবাদ জানান। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও নবীন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণকে তাঁরা সাধুবাদ জানিয়ে বলেন, বহুসাংস্কৃতিক নিউজিল্যান্ডে এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে নিজস্ব শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে।

উৎসবের দুই সন্ধ্যায় আয়োজিত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, স্বরচিত কবিতা আবৃত্তি ও নাট্যাভিনয়ে প্রবাসীদের শিল্প-সাহিত্যের সুনিপুণ প্রকাশ ঘটে। এই সফল আয়োজনের মধ্য দিয়ে ‘সম্প্রীতি’ কেবল দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতাই সম্পূর্ণ করেনি, বরং সুদূর নিউজিল্যান্ডের বুকে এক খণ্ড বাংলাদেশকে নতুন করে উপস্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *