বকশীগঞ্জে দ্রুতগামী বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে দ্রুতগামী এক দূরপাল্লার বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই নারী (বউ-শাশুড়ি)। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা উফেজা বেগম (৬৫) এবং তার ছেলের স্ত্রী ফরিদা বেগম (৪০)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক হয়ে রৌমারীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি সকাল ৬টার দিকে ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগমকে সজোড়ে চাপা দেয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারীর করুন মৃত্যু হয়। দুর্ঘটনা ঘটামাত্র স্থানীয় জনতা ধাওয়া করে বাসটি জব্দ করে এবং বাসের সহযোগী মহিনউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস এবং চালকের সহযোগী মহিনউদ্দিনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *