দিল্লিতে বিক্ষোভের পূর্বে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপির) পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ অমান্য করে দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে চাওয়ার অভিযোগে পুলিশ তাকে এই পদক্ষেপ নেয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লি ও গুরুগ্রাম পুলিশের একটি যৌথ দল ধ্রুব রাঠির গুরুগ্রামের সেন্ট্রাল পার্ক বিহার আবাসন এলাকার বাসায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার থেকেই তার বাসার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য অবস্থান নিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে তাকে স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি দিল্লিতে গিয়ে এই বিক্ষোভে অংশ না নেন। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করায় তাকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের এই বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই পুরো প্রক্রিয়াটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি চক্রান্ত। তবে নির্বাচন কমিশন ও বিজেপি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে ব্যাপক ও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি না দেওয়ায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। নিরাপত্তার যুক্তি দেখিয়ে বিভিন্ন এলাকার মেট্রো স্টেশন, রেল যোগাযোগ এবং ইন্টারনেট সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া প্রধান সড়কগুলোতে ব্যারিকেড ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুলিশের এই ব্যাপক ধরপাকড় ও কড়াকড়ির মধ্যেই সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শত বাধা সত্ত্বেও তাদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা কর্মসূচি চালিয়ে যাবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *