প্রধান খবর

বহিস্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দিয়ে সাবেক নেতার বিতর্কিত পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় কেন্দ্র কর্তৃক দল থেকে বহিস্কৃত হয়ে চরম ক্ষোভ উগড়ে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি আহসান হাবিব। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে সরাসরি ‘হিজড়া ইউনিট’ বলে তীব্র ভাষায় কটাক্ষ ও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে একটি বিশদ পোস্টের মাধ্যমে তিনি ছাত্রদলের কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বকে লক্ষ্য করে এসব ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে রাবিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর লাঞ্ছনা ও হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আহসান হাবিব সহ বেশ কয়েকজন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আরও ছয়জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের বহিস্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুকে শেয়ার করে সাবেক এই ছাত্রদল নেতা লেখেন, বহিষ্কারের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাবি ছাত্রদলকে একটি দুর্বল সংগঠনে পরিণত করেছে। তিনি লেখেন, “সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না।” বক্তব্যে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় ব্যর্থ হলে অচিরেই অনেক গোপন তথ্য প্রকাশ্যে এসে পড়বে।

বহিস্কৃত নেতার এই আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, বহিস্কারের পর অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে আহসান হাবিব এসব অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসমাজ জানে ছাত্রদল সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতিনিধিত্বকারী একটি মূলধারার সংগঠন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *