প্রধান খবর

মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ,দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক উৎসব মুখর প্রস্তুতি। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আনন্দ ও আমেজ। উপজেলার আনাচে-কানাচে মণ্ডপ তৈরি, সাজসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঁচা মাটির অবয়বে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা।

সদরপুর পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এ বছর উপজেলায় প্রায় ৩৮টি পূজামণ্ডপে জমকালো আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি শেষ হয়েছে এবং চলছে মাটির প্রলেপ দেওয়ার কাজ। কোথাও কোথাও চলছে রং করা, পোশাক ও অলংকার পরানোর প্রস্তুতি। বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রহর গুনছেন কারিগররা।

মৃৎশিল্পী সুজন পাল জানান, একটি পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করতে কয়েক ধাপে চার-পাঁচজন কারিগরের প্রায় সাত থেকে আট দিন সময় লাগে। প্রথমে বাঁশ-খড়ের কাঠামোয় কয়েক স্তরে মাটি দেওয়া হয়। মাটি শুকানোর পর শুরু হয় সূক্ষ্ম কারুকাজ, রং ও সাজসজ্জা। অন্যদিকে সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় ভৌমিক ও সাধারণ সম্পাদক গোবিন্দ ভৌমিক জানান, সুশৃঙ্খল ও সম্প্রীতির আবহে পূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানিয়েছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। মণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখা হবে। মাটির অবয়বে দেবীর রূপ ফুটে ওঠার মধ্য দিয়ে সদরপুরের ৩৮টি পূজামণ্ডপ এখন উৎসবের রঙে সাজতে পুরোপুরি প্রস্তুত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *