চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকের টাকার জন্য সৎ মাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার ধরমপুর গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর নাম আয়েশা বেগম (৩৫)। অভিযুক্ত যুবক মো. আশিক (২৫) ধরমপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, আশিক দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন এবং প্রায়ই টাকার জন্য পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন।
শনিবার রাতে আশিক তার সৎ মা আয়েশা বেগমের কাছে মাদকের জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আয়েশা বেগমের পেটে সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত পলাতক অভিযুক্ত আশিককে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

