দেশে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও সরকারের নেই। তবে দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
এর আগে ২০০২ সালে ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে একটি বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়েছিল। ওই অভিযানে সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নেন এবং পরে অভিযানটি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে।

