প্রধান খবর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; জরিমানা লাখ টাকা

ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা আর পামওয়েল মিশিয়ে তৈরি করা হচ্ছিল বিষাক্ত নকল দুধ! পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে এমন ভয়াবহ ও ভেজাল দুধ তৈরির কারখানা উন্মোচন করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বসতবাড়িতে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি নিজেদের বাড়িতে ক্ষতিকারক রাসায়নিক সামগ্রী প্রক্রিয়াজাত করে কৃত্রিম দুধ তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে গিয়ে ঘরের মধ্যে বড় আকারের ডেগে প্রক্রিয়াজাত অবস্থায় রাখা বিপুল পরিমাণ ভেজাল দুধ উদ্ধার করা হয়। একই সাথে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত পামওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, ছানার পানি, ফ্যাট তোলা দুধ ও একটি ব্লেন্ডার মেশিন জব্দ করেন আদালত।

অভিযান পরিচালনাকালে এই কারবারের মূল হোতা উত্তম ঘোষ সটকে পড়লেও তার স্ত্রী পলি ঘোষকে (৩৫) আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে ক্ষতিকর এসব উপকরণ ব্যবহার করে তারা নকল দুধ তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। সাক্ষীদের সাক্ষ্য, জব্দ করা আলামত এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত পলি ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এসব উপাদান দিয়ে নকল দুধ প্রস্তুত করা হচ্ছিল। অপরাধ স্বীকার করায় এবং বাড়িতে থাকা নাবালক সন্তান ও বৃদ্ধ শ্বাশুড়ির মানবিক দিক বিবেচনা করে আসামিকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *