রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে সামরিক প্রশিক্ষণ চলাকালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ভারী কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা সাতজন ক্রু সদস্যের মধ্যে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় ‘টিইউ-৯৫এমএস’ (Tu-95MS) মডেলের বোমারু বিমানটি মাটিতে আছড়ে পড়ে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় কেবল একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমুর অঞ্চলের একটি নির্জন ও জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করা এই স্ট্র্যাটেজিক বোমারু বিমানে দুর্ঘটনার সময় কোনো ধরনের সক্রিয় গোলাবারুদ ছিল না। যার ফলে বড় ধরনের লোকালয়ভিত্তিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষে দাউদাউ করে ভয়াবহ আগুন জ্বলছে এবং চারপাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ভেসে উঠছে। একই সাথে বিধ্বস্ত স্থান থেকে থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়। আকস্মিক এই যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল-তা খতিয়ে দেখতে ইতোমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

