বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) ব্যবস্থাপক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চ্যাটার্জি বলেছেন, দেশে প্রায় তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে। এ সমস্যা মোকাবিলায় কৃষকদের কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা শহরতলীর রঘুপুর এলাকায় আয়োজিত উত্তম কৃষি চর্চাবিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণটির আয়োজন করে বিসিপিএ।
প্রশিক্ষণে ফসলে বালাই শনাক্তকরণ, বালাইনাশকের দায়িত্বশীল ব্যবহার, কৃষিকাজের ঝুঁকি বিশ্লেষণ, কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং কৃষিবিষয়ক ওয়েবসাইট ব্যবহারের ওপর আলোচনা করা হয়। এ ছাড়া সবজি পরিষ্কার পানিতে ধুয়ে বাজারজাত করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএর কুমিল্লা চ্যাপ্টারের আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্যসচিব হামিদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

