দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ছয়জনের। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ১৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। মৃত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তবে বছরজুড়ে আক্রান্তের হিসাবে পুরুষ বেশি হলেও মৃত্যুর চিত্র কিছুটা ভিন্ন। মোট ১৮৪ মৃত্যুর মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৯৩ জন।
মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হলেও জুলাইয়ে তা বেড়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জনে দাঁড়ায়। সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই ভর্তি হয়েছেন ২৬ হাজার ১২৬ জন। একই সময়ে সেপ্টেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে, যা আগস্টের ৪৩ মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার আশঙ্কা করছেন, আগামী অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানাসহ বিভিন্ন কার্যক্রম চালানোর কথা জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে।

