প্রধান খবর

বিআরটিএর জেলা কার্যালয়ে ঘুষ ছাড়া নড়ে না কোনো ফাইল!

নারায়ণগঞ্জের বিআরটিএ জেলা কার্যালয়ে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ তুলেছেন সেবাগ্রহীতারা। তাদের দাবি, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ, কাগজপত্র জমা দেওয়া থেকে শুরু করে লাইসেন্স ইস্যু ও নবায়নের বিভিন্ন ধাপে দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। লিখিত, মৌখিক ও মাঠপরীক্ষায় পাস করার পরও ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার সিরিয়াল পেতে বাড়তি টাকা দিতে হয় বলে অভিযোগ তাদের।

সরকারি নির্ধারিত ফি অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৩ হাজার ২৪ টাকা এবং শিক্ষানবিশ লাইসেন্সের জন্য ৮৫০ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা। তবে দালালচক্রের মাধ্যমে লাইসেন্স নিতে কয়েক হাজার টাকা অতিরিক্ত দিতে হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা। এর আগে ২০২৫ সালের মে মাসে অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযানও চালিয়েছিল দুদক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মাহবুবুর রহমান। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অনলাইনে আবেদন করে কাগজপত্র সঠিক থাকলে নির্ধারিত সময়ে সেবা পাওয়া যায়। জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *