প্রধান খবর

আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। জেলা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

এর পাশাপাশি উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে রোববার পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে ওসির দায়িত্বে থাকা হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহারের পর চলে গেছেন। বটতলা এলাকায় মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং এতে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *