প্রধান খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। একমাত্র সন্তানকে শেষবিদায় জানানোর এই করুণ মুহূর্তে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের অকাল ও মর্মান্তিক এই শোক কাটিয়ে উঠতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার নিজ বাসা থেকে ছবি তোলার কথা বলে বের হয় অপ্রতিম। এরপর আর সে বাসায় ফেরেনি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী সানন্দা গ্রামের লালমাই পাহাড়ঘেঁষা জঙ্গল থেকে পুলিশ তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ছিল। অপ্রতিমের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *