বন্ধ কারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিল চালুর সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো অর্থ ছাড় হয়নি। স্বল্পসুদের এ ঋণ পেতে আগের খেলাপি ঋণ নিয়মিত করার শর্ত থাকায় জটিলতা তৈরি হয়েছে।
বন্ধ কারখানাগুলোর বেশির ভাগই ঋণখেলাপি হওয়ায় তহবিল থেকে ঋণ বিতরণ ধীরগতিতে এগোচ্ছে। পাশাপাশি কারখানা পুনরায় চালু হলে আর্থিকভাবে টিকে থাকতে পারবে কি না, প্রয়োজনীয় অবকাঠামো ও গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি সুবিধা পাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
গত ২৩ মে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বন্ধ কারখানার জন্য রাখা হয় ২০ হাজার কোটি টাকা। ৪ জুন এ তহবিলের নীতিমালা জারি করা হয় এবং এখন পর্যন্ত ৪১টি ব্যাংক কর্মসূচিতে যুক্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০০ কোটি টাকার বেশি বকেয়া ঋণ রয়েছে এমন এক হাজারের বেশি আংশিক বা পুরোপুরি বন্ধ কারখানার তালিকা দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংক খাতের বিশেষজ্ঞরা সম্ভাবনাময় প্রতিষ্ঠান যাচাই করে প্রয়োজনে কিছুটা নমনীয়তার মাধ্যমে অর্থায়নের পরামর্শ দিয়েছেন।

