প্রধান খবর

মদিনায় ১১ কোটি টন বিরল খনিজ ও ইউরেনিয়াম আকরিকের সন্ধান

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ধারণক্ষমতার এক বিশাল খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের ৭০তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ ঐতিহাসিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সৌদি সরকারের তথ্যসূত্রে জানা যায়, মদিনা অঞ্চলের জাবাল সাইয়িদ এলাকায় পরিচালিত দীর্ঘ অনুসন্ধান ও বিস্তারিত ভূতাত্ত্বিক গবেষণার ফলস্বরূপ বিপুল পরিমাণ এ খনিজ সম্পদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়। সেখানে উচ্চমাত্রার বিরল মৃত্তিকা খনিজ এবং ভারী প্রকৃতির ধাতব উপাদানের ব্যাপক ঘনত্ব বিদ্যমান। একই সঙ্গে স্থানটিতে ইউরেনিয়াম উত্তোলনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় মজুত চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী জানান, জাবাল সাইয়িদ প্রকল্পের বিস্তারিত সমীক্ষায় প্রায় ১১ কোটি টন আকরিকের সম্ভাব্য মজুত পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ভূ-রাজনীতি ও পারমাণবিক শক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিশ্লেষকদের মতে, এ বিশাল খনিজ সম্পদের আবিষ্কার এমন এক স্পর্শকাতর সময়ে সামনে এলো, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি আরও জোরদার হচ্ছে। সাম্প্রতিক চুক্তির মাধ্যমে দুই দেশের বেসামরিক পারমাণবিক খাতে দীর্ঘমেয়াদি ও কয়েক শত কোটি ডলারের বিনিয়োগ এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *