অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে সরকার ও প্রধান উপদেষ্টাকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুরোনো একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার কর্মকর্তা জানান, সিফাতের বিরুদ্ধে নতুন করে কোনো মানহানির মামলা দায়ের করা হয়নি। তবে আগের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গাছা থানা-পুলিশ দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তার সিফাত স্থানীয় ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে তথ্য পাওয়া গেছে।
এদিকে সিফাতকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গণ ও এর আশপাশে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) অঙ্গ সংগঠন যুবশক্তির নেতৃত্বাধীন নেতাকর্মীরা গাছা থানার সামনে অবস্থান নেন। আটক তরুণের অবিলম্বে মুক্তি দাবি করে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
একপর্যায়ে সিফাতের আটককে কেন্দ্র করে এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনার মুখে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলার অবনতি এড়াতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যথাযথ বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

