কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলার পয়েন্টে সকাল থেকেই দুই শতাধিক কৃষক সার কেনার জন্য জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্টের কার্যক্রম শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে সার নিয়ে যেতে শুরু করেন।
ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। ঘটনার সময় তার গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুত ছিল বলে স্থানীয়রা জানান। কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের মধ্যে সার বিতরণে গড়িমসি করা হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, কৃষকেরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। অবশিষ্ট সার উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদার তুলনায় বরাদ্দ কম। ইউনিয়নটিতে প্রায় ৪ হাজার বস্তা সারের চাহিদা থাকলেও বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনের পরিমাণও বরাদ্দের তুলনায় কম ছিল। সার সংকটের আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে গেছেন বলে তিনি জানান।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, তিনি জেলা পর্যায়ের সভায় থাকায় ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অবগত নন।

