মাদকের ভয়াবহ বিস্তার ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নজিরবিহীন ও কঠোর সামাজিক অবস্থান গ্রহণ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দারা। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এক যৌথ সভার মাধ্যমে মাদকের বিরুদ্ধে এই ঐতিহাসিক সামাজিক প্রতিরোধের সিদ্ধান্ত ঘোষণা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এলাকায় মাদক সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে কোনো ব্যক্তি জড়িয়ে পড়লে তাকে এবং তার পরিবারকে সামাজিকভাবে কঠোর পাঁচটি শাস্তির মুখোমুখি হতে হবে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির মৃত্যু হলে তাকে সামাজিকভাবে দাফন করা হবে না, জানাজা ও দাফনের জন্য মসজিদের কোনো খাটিয়া ব্যবহার করতে দেওয়া হবে না, স্থানীয় মসজিদের ইমাম উক্ত পরিবারে কোনো খাবার গ্রহণ করবেন না, সামাজিক অনুষ্ঠানে সমাজবাসীদের অংশগ্রহণ বন্ধ থাকবে এবং তাকে পুরোপুরি সমাজচ্যুত বা বহিষ্কার করা হবে।
বাইতুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোমিন এবং মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম জানান, কাউকে হেয় বা অপমান করা এই উদ্যোগের লক্ষ্য নয়; বরং তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করাই এর প্রধান উদ্দেশ্য। এখন থেকে এলাকাতে মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই তা আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজপতিদের জানানো হবে।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন সহ এলাকার নানা শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সামাজিক স্তরে এ জাতীয় কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে এলাকায় মাদকের ক্রয়-বিক্রয় ও অপব্যবহার দ্রুত শূন্যে নেমে আসবে।

