কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহন‘-এর একটি চলন্ত শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের রামু কলঘর বাজারের এন আলম ফিলিং স্টেশনের সামনে। এ ঘটনায় বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসের যাত্রীদের অভিযোগ, রাতে বাসটির ভেতরে হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু চালক বা সহকারী অগ্নিকাণ্ডের বিষয়ে সতর্ক না করে এবং কোনো সাহায্য না করেই বাস থামিয়ে দ্রুত চম্পট দেন। বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন আতঙ্কিত যাত্রী আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা রামু তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই মো. ফজলুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় মালামালসহ যাত্রীদের উদ্ধার করেন। পরবর্তীতে ওই কোম্পানির আরেকটি বাসে করে যাত্রীদের ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, ইঞ্জিনের অতিরিক্ত উত্তাপ ও যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

