প্রধান খবর

কলকাতার হোটেলে আগুন, সাভারের বাবুসহ নিহত ৯

ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

নিহত বাংলাদেশিদের একজন ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু (৩৭)। তিনি চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। বাবুর স্ত্রী ও দুই সন্তান আট বছরের মেয়ে রোজা এবং পাঁচ বছরের ছেলে সোয়াদ রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে নিয়মিত ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত করতেন আহমেদ বাবু। কসমেটিকসের দোকানের মালামাল কিনতে ভারতে গিয়ে তিনি নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

বাবুর বন্ধু ফয়সাল জানান, হোটেলের তৃতীয় তলায় অবস্থানকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আটকা পড়ে প্রাণ হারান আহমেদ বাবুসহ কয়েকজন। আগুন লাগার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি।

কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আহমেদ বাবুর স্বজনরা শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *