প্রধান খবর

পর্যটন সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক

পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিমান যোগাযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পর্যটন খাতে দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন এবং সফল উদ্যোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে যোগ্য বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

দুই পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *