ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন: মতামত দেবেন ৫৪ হাজার শিক্ষার্থী

রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক মাইগ্রেশনের সিদ্ধান্ত গ্রহণে মতামত বা অনলাইন ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। এতে সাত কলেজের ২০২১–২০২২, ২০২২–২০২৩ এবং ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের মোট ৫৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী নির্ধারিত ওয়েবসাইটের (vote.dcu.ac.bd) মাধ্যমে অংশ নিতে পারছেন।

ভোট প্রদানের সুবিধার্থে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, সেশন ও জন্মতারিখের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি যাচাইয়ের মাধ্যমে ‘হ্যাঁ, মাইগ্রেশন করতে চাই’, ‘না’ অথবা ‘মন্তব্য নেই’এই তিনটি বিকল্পের যেকোনো একটি নির্বাচন করা যাবে। ভোট সংক্রান্ত কোনো জটিলতায় হেল্পলাইন ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর উন্মুক্ত রাখা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের জন্য শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন হলে সেশনজট নিরসন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *