ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’: পরিচালনায় নারী চালক ও কন্ডাক্টর

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক করার লক্ষ্যে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।  নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত হতে যাওয়া এই বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসটি মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে সড়কে যাত্রা শুরু করবে। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট সংযুক্ত করে ১০টি বাস নামানো হচ্ছে। এর পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম শহরের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস নিয়ে পুরো দেশের জন্য ডেডিকেটেড নারী পরিবহন ব্যবস্থার কাজ শুরু হচ্ছে।

রাজধানীতে যেসব রুটে চলবে পিংক বাস:

  • নতুন বাজার-মতিঝিল: নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • তালতলা-মতিঝিল: খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ ও সচিবালয় হয়ে মতিঝিল।

  • ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।

  • মিরপুর ১০-মতিঝিল: টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • মিরপুর ১২-মতিঝিল (দুটি ভিন্ন রুট): ফার্মগেট, শাহবাগ ও প্রেসক্লাব হয়ে মতিঝিল।

  • মোহাম্মদপুর-মতিঝিল: ধানমণ্ডি-১৫, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • আব্দুল্লাহপুর-মতিঝিল: বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী ও ফার্মগেট হয়ে মতিঝিল।

  • গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর।

প্রাত্যহিক কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস গণপরিবহনে নিরাপত্তাহীনতা ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে বলে বিআরটিসি কর্মকর্তা ও যাত্রীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *