প্রধান খবর

আবারও ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

টানা ভারী বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে আগ্রাবাদ, পাঠানটুলী, হালিশহর, চকবাজার ও বাকলিয়াসহ নগরীর নিচু এলাকার সড়ক, দোকানপাট এবং বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত নগরীতে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার সকালে সরজমিনে দেখা যায়, আগ্রাবাদ, পাঠানটুলী, মুহুরীপাড়া, বেপারীপাড়া ও শান্তিবাগ এলাকার অলিগলিতে থইথই পানি। বাসাবাড়িতে পানির প্রবেশের ফলে আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং দৈনন্দিন রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। এদিকে রেললাইনে পানি জমে যাওয়ায় সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে; পরবর্তীতে পানি নেমে গেলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চার মেগা প্রকল্পে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান কোনো সুফল না পাওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালায় ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা ক্ষোভ জানান। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নগরীর পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *