নারীর নিরাপত্তা, পারস্পরিক সম্মান এবং পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক অ্যান্ড ফ্যামিলি ভায়োলেন্স (DFV) প্রতিরোধে পুরুষদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা ‘Men’s Voices for Women’s Safety’।
রোববার (১৬ আগস্ট) ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক (CDNI)-এর উদ্যোগে এবং নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের সহায়তায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (BAOA) অংশীদারত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কমিউনিটির নারী-পুরুষ অংশ নেন।
আলোচনায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ, সম্মানজনক সম্পর্ক, পারিবারিক ও সামাজিক দায়িত্ব, নারীর নিরাপত্তা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে পুরুষদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আয়োজকরা বলেন, DFV প্রতিরোধকে শুধু নারীদের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবার ও সমাজকে নিরাপদ রাখতে পুরুষদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জরুরি।
অনুষ্ঠানে CDNI-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী ওএএমের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের অতিথি, বিশেষজ্ঞ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসের (DCJ) কমিউনিটি রিলেশনস ম্যানেজার স্যাম বোরকা, ডিভি অ্যান্ড সাপোর্ট সার্ভিসেসের জুলি অ্যান উইনফোর্ড, CDNI উপদেষ্টা ওয়েন প্রিয়র, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। এছাড়া ক্যামডেন সিটি কাউন্সিলর এলিজা আজাদ রহমান, BAOA সভাপতি মনিরুল হক জর্জ, সাধারণ সম্পাদক আলমগীর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
নারীর নিরাপত্তা বিষয়ে বিশেষ ভিডিও বার্তা দেন উইমেনস সেফটি কমিশনার ড. হান্না টনকিন। অংশগ্রহণকারীদের মতামত ও জ্ঞান যাচাইয়ের জন্য Slido-এর মাধ্যমেও ইন্টার্যাকটিভ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় আইনজীবী জুলফিকার হক, মনোরোগ বিশেষজ্ঞ খোদেজা আখতার, জিপি ড. সত্যজিৎ দত্ত এবং স্থানীয় পুলিশ প্রতিনিধিত্বকারী ইন্সপেক্টর লুক অংশ নেন। তারা DFV-এর সামাজিক প্রভাব, সহায়তা পাওয়ার সুযোগ এবং প্রতিরোধে ব্যক্তি ও কমিউনিটির দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়া ড. ইশরাত জাহান ডিভি ওয়ার্কশপ পরিচালনা করেন। অনুষ্ঠানের শেষপর্বে CDNI উপদেষ্টা কামাল পাশা আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, সিডনির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে এ ধরনের আরও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মধ্যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্মান এবং নিরাপদ সম্পর্কের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
আলোচনা সভা থেকে উঠে আসে-নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীদের দায়িত্ব নয়। নিরাপদ পরিবার ও সহিংসতামুক্ত সমাজ গঠনে পুরুষদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মান, সমতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগই পারে আরও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে।

