সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন নাজিম। তবে মামলার মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনও পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১৬) আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, প্রতিবেশী শাকিল ও তাঁর সহযোগীরা স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ আগস্ট দুপুরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শাকিল ও তাঁর সহযোগীরা অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা কোনো সন্ধান না পাওয়ায় ভুক্তভোগীর মা আরিফা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অপহরণে প্রত্যক্ষ সম্পৃক্ততা ও সহযোগিতার প্রমাণ পেয়ে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

