কিশোরগঞ্জের ভৈরবে মাত্র ৮৮ দিনে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করে বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছরের শিশু মো. আদনান। সে ভৈরব রানী বাজার জামিয়া রহমানিয়া হাজী আলী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। অসাধারণ এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে আদনানকে সম্মাননা সংবর্ধনা ও হিফজ সমাপনী পাগড়ি প্রদান করা হয়।
আদনানের এই সাফল্য উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর মাদরাসার অধ্যক্ষ আল্লামা আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ। বক্তারা আদনানের এমন বিস্ময়কর মেধাকে ভৈরব তথা পুরো দেশের জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেন।
মাদরাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে আদনানের একনিষ্ঠ পড়াশোনা ও প্রখর মেধার কারণেই এত কম সময়ে এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং হাদিস গবেষণা করে বড় মুহাদ্দিস হওয়ার স্বপ্নের কথা ব্যক্ত করেছে কৃতি শিশু হাফেজ আদনান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সুধীজন আদনানের এই সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ নুরুউদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীদের গুণগত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আদনানের এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

